যাদুকাটায় পৃথক অভিযানে দণ্ড, জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৭:৪৭ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পৃথক অভিযানে বাল্কহেডে বালু লোড করার অপরাধে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- এবং অবৈধ কোনাজাল দিয়ে মাছ ধরায় দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। অভিযানে তাহিরপুর থানা পুলিশ সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহালা এলাকায় নদীর তীরে মজুত করে রাখা বালু বাল্কহেডে লোড করার সময় একজনকে আটক করা হয়। এ সময় তিনি বালু পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাঁকে ১৮০ দিনের (ছয় মাস) বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
অভিযানকালে নদীতে বালু উত্তোলন ও পরিবহনের কার্যক্রম পাওয়া যায়নি। তবে যাদুকাটা নদীতে অবৈধ কোনাজাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে আরও দুই জেলেকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তাঁদের কাছ থেকে মোট ১০ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মকে ছাড় দেওয়া হবে না।





