বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৭:৪০ অপরাহ্ন

এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টাল চালু করা হয়েছে।
বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে নতুন এ সেবা ব্যবস্থার উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নাগরিকদের সেবা গ্রহণের দুর্ভোগ কমিয়ে কম সময়ে সহজে সেবা নিশ্চিত করাই সিসিকের লক্ষ্য। নতুন ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই হোল্ডিং কর ও বিভিন্ন ধরনের ফি পরিশোধ করতে পারবেন।
তিনি বলেন, শুধু কর পরিশোধের জন্য সিটি কর্পোরেশন কার্যালয় বা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা প্রবাসীরাও অনলাইনে সিসিকের কর ও ফি পরিশোধ করতে পারবেন।
নতুন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে হোল্ডিং যুক্ত করলে মালিকের নাম, গৃহের বিবরণ, বার্ষিক মূল্যায়ন এবং বিভিন্ন বছরের বকেয়া করের তথ্য দেখা যাবে। পাশাপাশি বিল প্রিন্ট ও অনলাইনে কর পরিশোধের সুবিধা থাকবে। সেবাটি ২৪ ঘণ্টা চালু থাকবে।
বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ মোবাইল ব্যাংকিং, ভিসা ও মাস্টারকার্ডসহ দেশি-বিদেশি কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। পরিশোধ সম্পন্ন হলে নাগরিকের মোবাইল ফোনে বাংলায় এসএমএসের মাধ্যমে ই-রসিদ পাঠানো হবে। তবে ব্যাংক কাউন্টারে কর পরিশোধের প্রচলিত ব্যবস্থাও আগের মতো চালু থাকবে।
পোর্টালে চলতি বছরের বিলের পাশাপাশি আগের বছরগুলোর বিল ও পরিশোধের তথ্য দেখা এবং পুরোনো রসিদ পুনরায় প্রিন্ট করা যাবে। এছাড়া কর মূল্যায়ন নিয়ে আপত্তি থাকলে তা অনলাইনেই দাখিলের সুযোগ থাকবে।
অনুষ্ঠানে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, আইটি কনসালটেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন সায়েম এবং জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিক ও এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






