তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৮:৩৪:৪৫ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা বোঝাই করে পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৪শত ফুট বালু বোঝাই একটি স্টিলবডি নৌকাও জব্দ করা হয়।
রোববার ভোরে যাদুকাটা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলায় ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি স্টিলবডি নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যাদুকাটা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি স্টিল বডি নৌকার ৪০০ ঘনফুট বালিসহ উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদির (৪০) ও সোহালা গ্রামের মোঃ আলা উদ্দিন এর ছেলে মোঃ আলী হোসেন (২৯) কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটককৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান, অবৈধভাবে কাউকে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন করার সুযোগ কাউকে দেয়া হবে না।







