সংস্কার নয়, কোনো কোনো রাজনৈতিক দল শুধু নির্বাচন চায়: নাহিদ ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ১০:২০:৪৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার নয়, কোনো কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চায়। তাদের কাছে সংস্কার গুরুত্বপূর্ণ মনে হয়নি। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে, তবে আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম, আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে জুলাই পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ঝড়-বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে। পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্য। বৈষম্যগুলো দূর করতে হবে। এ গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন প্রমুখ।






