সুনামগঞ্জে কোটি টাকার পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৮:১২:২৫ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাইপথে আসা ১ কোটি টাকার বেশি ভারতীয় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা এবং থান কাপড় আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। বৃহস্পতিবার রাতে জেলার মধ্যনগর উপজেলার কির্তনছড়া এলাকায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা ইউনিয়নের কির্তনছড়া নামক স্থানে পরিত্যক্ত ঘরে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৭১২ পিস শাড়ী, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১লাখ ৫৮ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও থান কাপড় শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





