বড়লেখায় পঁচাশি বছরের বৃদ্ধা ভোট দিলেন হুইল চেয়ারে
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৩:১৯ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বিগত ১৮ বছর ভোট দিতে পারেননি বড়লেখা উপজেলার বড়থল গ্রামের পঁচাশি বছর বয়সি বৃদ্ধা আবজান বিবি। নতুন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বাক্ষী হতে মারাত্মক অসুস্থ সত্ত্বেও বৃহস্পতিবার সকালে হুহলচেয়ারে চড়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে গেলেন তিনি। তবে, ছেলে কুতুব উদ্দিন ও ছেলের বউ হুইল চেয়ার ঠেলে চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিয়ে আসতে হয়েছে ওই অসুস্থ বৃদ্ধাকে।
কুতুব উদ্দিন জানান, তার মা ও তিনি সর্বশেষ ২০০৮ সালে ভোট দিতে পেরেছেন। এরপর জাতীয়-স্থানীয় কোনো নির্বাচনেই ভোটকেন্দ্রে গিয়ে পাননি নিজেদের ভোট। কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট কে বা কারা দিয়ে দিতো। এজন্য চব্বিশের জাতীয় সংসদ নির্বাচনে আর ভোটকেন্দ্রেই যাননি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ভোট দেওয়ার সুযোগ আসায় ভোট কয়েকদিন থেকে চলাফেরা করতে সম্পুর্ণ অক্ষম ও মারাত্মক অসুস্থ মা আবজান বিবি চেপে ধরেন যেকোনো মূল্যে তাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে যেতে হবে। এইজন্য তিনি ও তার স্ত্রী হুইল চেয়ারে ঠেলে মাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন। ভোট দিতে পেরে আমার চেয়ে আমার মা বেশি খুশি হয়েছেন।





