কুয়ালালামপুরে বাংলাদেশী শ্রমিক অপহরণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:৩৫:২৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকায় এক বাংলাদেশী শ্রমিক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে| এ ঘটনায় অপহরণকারীরা তার পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে|
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চেরাস থানায় দায়ের করা এক প্রতিবেদনে অভিযোগ করেন রাশেদ মোহাম্মদ (৩৩), যিনি পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী| তিনি জানান, তার বন্ধু মোহাম্মদের মা তাকে ফোন করে জানান যে তার ছেলে মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এবং তাকে খোঁজ নেওয়ার অনুরোধ করেন|অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশেদ মোহাম্মদ কুয়ালালামপুরের তামান মিহারজা ফেজ- ২ এলাকার একটি ভাড়া বাসায় গিয়ে খোঁজ নেন, তবে সেখানে মোহাম্মদকে পাওয়া যায়নি| পরবর্তীতে তিনি ১৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি|
এরপর ১৩ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে মোহাম্মদের পরিবার জানায়, তিনি তাদের সঙ্গে যোগাযোগ করে দাবি করেছেন যে তাকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করেছে| অপহরণকারীরা প্রথমে ১ লাখ রিঙ্গিত মুক্তিপণ দাবি করলেও পরে তা কমিয়ে ৫০ হাজার রিঙ্গিতে নামিয়ে আনে|
পরিবারের সদস্যরা, যারা বাংলাদেশে অবস্থান করছেন, ইতোমধ্যে অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রা) তিনটি পৃথক ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে পাঠিয়েছেন| এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকে নাসিমা আক্তারের নামে ৯৭ হাজার টাকা, ইসলামী ব্যাংকে নাসিমা আক্তারের নামে ২ লাখ টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকের অন্য একটি হিসাবে বিবি মরিয়মের নামে আরও ২ লাখ টাকা জমা দেওয়া হয়েছে| তবে এত টাকা পাঠানোর পরও অপহরণকারীরা এখনো মোহাম্মদের পরিবারকে মুক্তিপণের জন্য চাপ দিয়ে যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে| অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ তামান মিহারজা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন এবং সেখানেই তার একটি ছোট মুদি দোকানও ছিল| ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে|
ঘটনাটি নিয়ে মালয়েশিয়া পুলিশ তদন্ত শুরু করেছে| এখনও পর্যন্ত অপহৃত ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি এবং অপহরণকারীদের পরিচয়ও নিশ্চিত করা যায়নি| এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং দ্রুত ভুক্তভোগীকে উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে|
বুধবার এ বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (কনস্যুলার) জানান, অপহরণের শিকার মোহাম্মদকে উদ্ধারে এবং অপহরণকারীদের গ্রেপ্তারে মালয়েশিয়া পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে| তিনি আরও জানান, হাইকমিশন থেকেও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে|




