সিলেটে টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৮:৫৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বাংলাদেশ ওয়ানডে দল যখন ব্যস্ত থাকবে দেশের বাইরে ত্রিদেশীয় সিরিজে, টেস্ট সিরিজ খেলতে তখন ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। সবশেষ দুই সিরিজের মতো চট্টগ্রামে টেস্ট ম্যাচ রাখা হয়নি সামনের সিরিজেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের সিরিজের টেস্ট দুটি হবে মিরপুরে ও সিলেটে। এবারই প্রথম সিলেটে টেস্ট ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালে এই মাঠে দুটি টি-টোয়েন্টি খেলেছে ক্যারিবিয়ানরা।
বছরের শুরুতেই সিরিজের দিনক্ষণ জানিয়ে দিয়েছিল বিসিবি। এবার চূড়ান্ত হলো ভেন্যু। দীর্ঘদিন ধরে দেশের দ্বিতীয় প্রধানতম টেস্ট ভেন্যু বলে বিবেচিত চট্টগ্রামে এ বছর কোনো টেস্ট হচ্ছে না। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি খেলতে আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্বজুড়েই বিভিন্ন দলের সফরে প্রস্তুতি ম্যাচের রীতি এখন অনেক কমে গেলেও এবার একটি গা গরমের ম্যাচ পাচ্ছে ক্যারিবিয়ানরা।
তিনদিনের ম্যাচটি শুরু ২২ অক্টোবর। খেলা হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। মূল সিরিজ শুরু আগামী ২৮ অক্টোবর। প্রথম টেস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ নভেম্বর থেকে। এই বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ও গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও টেস্ট ম্যাচগুলো হয়েছে মিরপুর ও সিলেটে।
এবার ওয়েস্ট ইন্ডিজ দল যখন বাংলাদেশে পা রাখবে, তখন বাংলাদেশ ওয়ানডে দল থাকবে দেশের বাইরেও। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যস্ত থাকবেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। এই সিরিজের ফাইনালে উঠলে আগামী ২৪ অক্টোবর দেশে ফিরবেন তারা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের জন্য এই সিরিজে দুটি ম্যাচেই জয় জরুরী। এই চক্রে ৬ ম্যাচে তিন জয়ে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে শান্তর দল। ১২ ম্যাচে দুই জয়ে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানরা এই সফরের আগে বাংলাদেশে সবশেষ টেস্ট খেলেছিল ২০২১ সালে। সেবার দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এর আগে ২০১৮ সালে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল দলটি। সেবার ২-০ ব্যবধানে সিরিজ হারে তারা।






