হৃদবন্ধন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৭:৫৯ অপরাহ্ন

সাহিত্য সমাজের দর্পণ। আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
তিনি বলেন, ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ গত পাঁচ বছর ধরে সিলেটের সাহিত্য অঙ্গনকে মুখরিত রাখার পাশাপাশি সুন্দর ও প্রগতিশীল সমাজ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে। গুণীজন ও তরুণদের এই মেলবন্ধন প্রশংসনীয়। হৃদবন্ধন সিলেটের সাহিত্য অঙ্গনে আলোর দিশারী। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি তরুণ লেখক ও কবিদের জন্য আরও বড় প্ল্যাটফর্ম তৈরি এবং সিলেটের সাহিত্যকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা করি।
বৃহস্পতিবার বিকেলে নগরীর নাইওরপুল এলাকার একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক কবি মুহিবুর রহমান কিরণ। বিশেষ অতিথির বক্তব্য দেন গল্পকার জামান মাহবুব, সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, কবি পুলিন রায়, লেখক অমিতা বর্দ্ধন এবং সাংবাদিক ফারুক আহমদ।
স্বাগত বক্তব্য দেন হৃদবন্ধন সাহিত্য পরিষদের সভাপতি হিমাংশু রায় হিমেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি সন্তোষ রঞ্জন পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক সন্দীপন শুভ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, ছড়া ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন সাহিত্যপ্রেমীরা। সিলেটের কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিজ্ঞপ্তি






