বড়লেখায় আ.লীগ সেক্রেটারি রাতে গ্রেফতার, সকালে জামিন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৬:১৪:২৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। তিনি একটি রাজনৈতিক ও একটি স্থানীয় মারামারি মামলার আসামি। বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন।
জানা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত রাজনৈতিক মামলার ৩ নম্বর ও সাম্প্রতিক একটি মারামারি মামলার আসামি। বুধবার রাতে অভিযান চালিয়ে পাখিয়ালাস্থ নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতের বেঞ্চ সহকারি রিপন আহমদ আসামি রফিকুল ইসলাম সুন্দরের জামিন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করেছেন।





