কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৬:৩২:১৫ অপরাহ্ন
সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শনিবার সন্ধ্যায় সড়কটি পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, নগরীর সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। জনসাধারণের চলাচলের সুবিধা, যানজট নিরসন ও সড়কের সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে। তিনি আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে জনদুর্ভোগ কমানো এবং দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করাকে গুরুত্ব দিতে হবে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সিটি করপোরেশন সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রশস্ততা বৃদ্ধি, সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নগরবাসীর যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




