তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:৩২:৫১ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় মিলিত হন নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, একেএম নাসের উজ্জ্বল, সাকাওয়াত হোসেন, সাইদুল কিবরিয়া, এমদাদুল হক, চাঁন মিয়া মাস্টার, শামিম আহমেদ, আজিজুল ইসলাম, আবুল কালাম, এস কে শফিকুল ইসলাম, শাহিন আলম, তোজাম্মিল হক নাসরুম, জাহাঙ্গীর আলম, পারভেজ জামান, আতিকুর রহমান আতিক, আবুল হাসান রাসেল ও আবু হুরায়রা সোহাগ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন এবং তাঁর অনুসারীরা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের যেখানেই পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।




