ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ৬:৪২:৪৩ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ছাতক উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, সমাজের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যহীন টেকসই সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ‘জুলাই পুনর্জাগরণ’ একটি মূল্যবোধভিত্তিক সামাজিক আন্দোলন, যার লক্ষ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলা। এই উদ্যোগ আগামী দিনের জন্য একটি সুস্থ, সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান। আলোচনায় অংশ নেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছালেক আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী, তথ্য আপা গোলাপী বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী তমাল পুদ্দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।






