তাহিরপুরে যুব ও ছাত্রলীগের ৪ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৬:২৭:২৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দুই ছেলেসহ যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ও উত্তর শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খাঁর ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম খাঁন ওরফে পারুল খাঁন (৪৪), তাঁর ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবুল হাসনাত খান ওরফে কাজল (৩০), বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও কামড়াবন্দ গ্রামের শহিদুল ইসলামের ছেলে নূরে আলম সিদ্দিকী ওরফে সজল (৪০) এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও চারাগাঁও গ্রামের ছান্দু মিয়ার ছেলে মো. এনামুল হক (৪০)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



