জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৮:১৬:০৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম খায়রুল ইসলাম। তিনি গন্ধর্বপুর গ্রামের এমদাদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ২৩ জুলাই বিকেল সাড়ে ৪ টার দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে ৩ জন আরোহী জগন্নাথপুর সদর বাজারে আসছিলেন। পথে স্থানীয় নারিকেলতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৩ জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় পথচারী জনতা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওসমানীতে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোটরসাইকেল আরোহী খায়রুল ইসলামকে (২৩) মৃত ঘোষণা করেন। তার সাথে আহত অন্য ২ জন গন্ধর্বপুর গ্রামের চান মিয়ার ছেলে রাজন মিয়া (২২) ও ইনাতগঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (১৯)। তাদের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। এর মধ্যে হৃদয় মিয়ার পা ভেঙে গুড়ো হয়ে গেছে বলে স্থানীয় সাংবাদিক ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত না করে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।






