সুনামগঞ্জে ২ শিক্ষার্থীসহ ৩ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক আটক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৮:২৩:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সসুনামগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসচালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌণে ৯টার দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক বাসচালকের নাম জাকির আলম (৩৫)। সে বিশ্বনাথ থানার মাহতাবপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে। এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ। আটকের পর তাকে জয়কলস হাইওয়ে থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত- বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তায় সুনামগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা এবং সিলেটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা আক্তার খুশি (১৯) ও শফিক মিয়া (৭৩)। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৯)-কে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুইজন আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলার ভিত্তিতে ঘাতক বাসচালক জাকির আলমকে র্যাব-৯ গ্রেফতার করে।





